বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন

প্রকাশ : ০৬ অগাস্ট ২০২৬, ২৩:০৮ , অনলাইন ভার্সন
রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসভবনের টিভি রুমে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য তাদের গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। তিনি জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসভবনের টিভি রুমে আগুনের সূত্রপাত হয়। ওই রুমের অল্প কিছু আসবাবপত্র পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিস সকাল ৫টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

‘রুমে আগুনের চেয়ে ধোঁয়াই বেশি ছিল। পরে বালতি ও মগে পানি ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলা হয়। ফায়ার সার্ভিস পুরো ভবন পরীক্ষা করে বিশেষ যন্ত্রের মাধ্যমে ধোঁয়া বের করে দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টেলিভিশনে বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে’—যোগ করেন আনোয়ারুল ইসলাম।

জানা গেছে, আগুন নিয়ন্ত্রণের সময় এবং পরে পাকিস্তানের হাইকমিশনার ও তার স্ত্রী মোটামুটি সুস্থ ছিলেন। তবে অতিরিক্ত ধোঁয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়লে সকাল ৯টার দিকে তাদের গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, তাদের দুজনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]