​জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, টিকিট না পেয়ে হতাশ অনেকে

প্রকাশ : ০৬ অগাস্ট ২০২৬, ১৬:০১ , অনলাইন ভার্সন
দীর্ঘ প্রতীক্ষার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। উদ্বোধনের পর প্রথম দিনেই জাদুঘরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে নির্ধারিত ৯০০টি টিকিট অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাওয়ায় অনেকেই প্রবেশের সুযোগ না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকেই জাদুঘরের সামনে ছিল উৎসবমুখর পরিবেশ। পরিবার, বন্ধু ও সহযোদ্ধাদের নিয়ে অসংখ্য মানুষ জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস জানতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে ভিড় করেন।

দর্শনার্থীদের অনেকেই বলেন, জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবসেই সীমিত পরিসরে হলেও সাধারণ মানুষের জন্য জাদুঘর খুলে দেওয়া হলে ভালো হতো। দূর-দূরান্ত থেকে আসা অনেক মানুষ সেদিন প্রবেশ করতে না পেরে হতাশ হয়েছেন। কেউ কেউ প্রবেশমূল্য ৫০ টাকা পুনর্বিবেচনারও দাবি জানান।

রামপুরা থেকে আসা দর্শনার্থী কামাল আহমেদ বলেন, “জুলাই আন্দোলনের স্মৃতি কাছ থেকে দেখতে এসেছি। অনেক মানুষ দূর থেকে খরচ করে এসেছেন। উদ্বোধনের দিন সীমিত সংখ্যায় হলেও প্রবেশের সুযোগ দিলে ভালো হতো।”

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জনকে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। সকাল ১১টা, দুপুর ১টা ও বিকেল ৪টা—এই তিনটি স্লটে ৩০০ জন করে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন।

প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। টিকিট কাউন্টার ও অনলাইনে টিকিট সংগ্রহের সুযোগ রয়েছে। অতিরিক্ত ভিড় এড়াতে আগাম টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে সেই সময়ের সংগ্রাম সম্পর্কে জানাতে প্রতিষ্ঠা করা হয়েছে এ জাদুঘর। এখানে আন্দোলনের আলোকচিত্র, ভিডিওচিত্র, বিভিন্ন দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রীসহ নানা স্মারক প্রদর্শন করা হয়েছে।

এর আগে বুধবার জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করেন। উদ্বোধনের দিন এটি শুধু শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত ছিল। বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশ শুরু হয়।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]