সৌদি তেল ট্যাংকারে হুথির ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশ : ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৭ , অনলাইন ভার্সন
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা লোহিত সাগরে আরও একটি ট্যাংকারে হামলা চালিয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

হুথিরা জানিয়েছে, এই হামলা ছিল সৌদি আরবের বিরুদ্ধে গোষ্ঠীটির সামুদ্রিক অবরোধ এবং ‘অবরোধের বদলে অবরোধ’ কৌশলের অংশ।

গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ক্ষেপণাস্ত্রগুলো ট্যাংকারটিতে ‘নির্ভুলভাবে’ আঘাত হেনেছে।  এ নিয়ে অন্তত আটটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

বুধবার (৫ আগস্ট) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুথিরা জানিয়েছে, ইয়ানবু উপকূলের কাছে লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি আরবের তেলবাহী ট্যাংকার ওয়াফাতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

সারি বলেন, এ হামলার মাধ্যমে ২২ জুলাই অবরোধ শুরু হওয়ার পর থেকে অন্তত আটটি ট্যাংকারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া ২৯টি সৌদি তেলবাহী ট্যাংকারকে লোহিত সাগর ও আরব সাগর হয়ে চলাচল করতে বাধা দেওয়া হয়েছে অথবা সেগুলোকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।

হুথিদের এ মুখপাত্র বলেন, বাব এল-মান্দেব প্রণালিতে গোষ্ঠীটির অবরোধ সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এ কারণে সৌদি আরব তাদের তেলবাহী ট্যাংকারগুলোকে উত্তর লোহিত সাগরের দিকে ঘুরিয়ে দিয়েছে। আনাদোলু জানিয়েছে, এসব অভিযোগের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ২০ জুলাই ইরান সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে একটি সমুদ্রভিত্তিক অবরোধ ঘোষণা করে, যার মাধ্যমে তারা চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে নতুন একটি ফ্রন্ট খুলেছে।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি-সংযুক্ত জাহাজগুলোর ওপর হুথিদের ধারাবাহিক হামলার কারণে গত সপ্তাহে লন্ডনের মেরিন ইন্স্যুরেন্স বাজার লোহিত সাগরে তাদের ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ (হাই রিস্ক) অঞ্চলের পরিধি আরও বাড়িয়ে দেয় এবং এর সঙ্গে নতুন করে সৌদি আরবের আরও কিছু বন্দরের নিকটবর্তী জলসীমাও যুক্ত করে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]