​একজন কবি

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ২০:০১ , অনলাইন ভার্সন
একজন কবি
সব সময় আত্মনিমগ্ন;
সব সময় আত্মলগ্ন একজন কবি
তাঁর নিজেকে নিয়ে ভাবেন না কখনোই;
তাঁর অন্তর্গত জগতে কেবল খেলা করে
এক ধ্রুপদি ধূসরতা;

সেই বাঙ্্ময় ধূসরতার ভেতর থেকে
একজন কবি প্রসব করেন একেকটি বেদনাক্রান্ত অক্ষর;
একেকটি দ্রোহভরা অক্ষর; একেকটি প্রেমে পূর্ণ অক্ষর; আর সেই অক্ষরগুলো
ধীরে ধীরে পরিণত হতে থাকে শব্দে;
আর সেই শব্দগুলো ক্রমশ রূপ নিতে থাকে
একেকটি রঙিন বিষণ্ন আর ভারাক্রান্ত পঙ্্ক্তিমালায়;

সেই পঙ্্ক্তিমালা ধারণ করে
এক জগৎ থেকে আরেক মহাজগৎ
ধারণ করে শুধু মানুষ এবং তার হৃদয়
ধারণ করে মানুষের হৃদয়ভাঙা বেদনা
আর আনন্দের অনুভূতি;
প্রেম এবং বিরহের অনুভূতি;

একজন কবি
তার কবিতার অপূর্ব রং হৃদয়ে মেখে
ক্রমাগত রাঙিয়ে যান অপরের হৃদয়;
অপরের প্রেম হয়ে ওঠে তার নিজস্ব গোপন প্রেম;
অপরের বেদনা হয়ে ওঠে তার নিজস্ব গোপন বেদনা;
অপরের আনন্দও হয়ে ওঠে তার অব্যক্ত আনন্দ;

একজন কবি
এমনই একজন মানুষ
যিনি মিশে থাকেন সকল মানুষের সঙ্গে সব সময়;
কিন্তু তবু একজন কবি সব সময়ই থাকেন
বড় নিঃসঙ্গ; আর বড় একা;

একজন কবি বাস করেন ভীষণ একাকী;
তিনি বাস করেন অরণ্যের মতো গভীর
এক নির্জনতার ভেতর;
সমস্ত প্রেম ও সংহারেও তিনি একা;
তিনি পরোয়া করেন না এ জগতের কোনো কিছুই
না কোনো রাজা কিংবা রাষ্ট্রপতি কিংবা সেনাপতি
তার আরাধনা শুধুই মানুষ আর তার স্বপ্ন;
তিনি সব সময় থাকেন মানুষের প্রেমে বিভোর;
জনারণ্যের ভেতরেও তিনি থাকেন সম্পূর্ণ একা; 
একাকী এবং নিঃসঙ্গতাকে সঙ্গ দেয়
শুধু তাঁর একান্ত নিজস্ব অদেখা এক নারী;
মূলত এই নারীই তাঁর সকল নিঃসঙ্গতার উৎস;

আর এই একাকিত্বই একজন মানুষকে কবি করে তোলে ধীরে ধীরে; জ্বেলে জ্বেলে; পুড়ে পুড়ে;
আর এভাবেই একজন কবি
হয়ে ওঠেন সোনার মতোই খাঁটি একজন মানুষ;
একজন কবির কথা তাই হয়ে ওঠে সকলের কথা
একজন কবি তাই হয়ে ওঠেন সকলের কবি
তবু সকলের ভেতরে থেকেও একজন কবি
হয়ে ওঠেন একজন একান্ত নিঃসঙ্গ মানুষ;
অনন্ত অপেক্ষা আর উৎপ্রেক্ষায়ও
তিনি থাকেন সম্পূর্ণ একা;
আর এই নিঃসঙ্গতা থেকেই
তিনি জন্ম দেন ধূসর কবিতার
একেকটি বর্ণিল অক্ষর।
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]