গ্যাসের দাম বাড়লে পেট্রোবাংলা ঘেরাও হবে : নাহিদ ইসলাম

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ২২:২৭ , অনলাইন ভার্সন
গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি অভিযোগ করে বলেছেন, এই সরকার মাত্র পাঁচ মাসে দফায় দফায় জ্বালানির দাম বৃদ্ধি করেছে। গ্যাস না থাকলেও প্রতি মাসে বিল দিতে হচ্ছে।

শুক্রবার (৩১ জুলাই) আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে সংঘর্ষে চোখ হারানো আলিফ চৌধুরীর খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।

আহত আলিফের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আগামীকাল (শনিবার) বোর্ড মিটিংয়ের পরে আলিফের স্বাস্থ্যের ব্যাপারে জানাবেন চিকিৎসক।

হবিগঞ্জে দলীয় এনসিপি নেতাকর্মীদের হামলার শিকার হওয়া নিয়ে বিএনপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন দলটির আহ্বায়ক। তিনি বলেন, হামলাকারীর বিরুদ্ধে কোনো সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার বার্তা দিল, ছাত্রদল-যুবদল চাইলে যে কাউকে মারতে পারে তার কোনো প্রতিবাদ হয় না। এলাকায় গেলে সরকারি দলের এমপিদের আসল চরিত্র বোঝা যায়।

নাহিদ অভিযোগ করেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারিত্বে চারদিকে ছেয়ে গেছে। ১২টি প্রতিষ্ঠানে দলীয় লোক বসিয়েছে। যদিও তিনি কোন ১২টি প্রতিষ্ঠানের দিকে ইঙ্গিত করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানাননি।

এনসিপি নেতা সতর্ক করে বলেন, সরকার খুব শিগগিরই জনগণের প্রবল প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে। জনগণ যাতে প্রস্তুত হয়, সরকারের এমন আচরণ আমরা কখনোই মেনে নেব না।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ছেড়ে কথা বলেননি নাহিদ। অভিযোগের সুরে বলেন, তারেক রহমান দল ও দেশ চালাতে ব্যর্থ হয়েছেন।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]