​বিরোধীদলকে দায়িত্বশীল আচরণের আহ্বান রিজভীর

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৭:৩৫ , অনলাইন ভার্সন
বিরোধীদলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তাদের বেপরোয়া আচরণ ও কাণ্ডজ্ঞানহীন, অশ্রাব্য কথাবার্তা কাম্য নয়। ৩০ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সরকারের বিরুদ্ধে কুৎসা রটনা বা অপপ্রচার নয়, বরং বিরোধীদলের কাছে দায়িত্বশীল আচরণ আশা করে সরকার। এখন আর কেউ কথা বলার কারণে বা রাজনৈতিক মত প্রকাশের কারণে গুম বা খুন হচ্ছে না বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আজকের বিরোধী দলই আগামী দিনের সরকার হতে পারে। যদি তাই হয়, তাহলে এখন থেকেই তাদের দায়িত্বশীল আচরণ করা উচিত। বেপরোয়া ও কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলা কিংবা বেপরোয়া আচরণ করলে গণতন্ত্র শক্তিশালী হবে না।

রিজভী বলেন, বর্তমান সরকার জুলাইয়ের চেতনা ধারণ করে। ৪ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলেও জানান তিনি।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]