​বিএনপিতে উচ্ছ্বাস, বিক্ষোভের প্রস্তুতি যুক্তরাষ্ট্র আ.লীগের

সেপ্টেম্বরে নিউইয়র্কে আসছেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১০:২৫ , অনলাইন ভার্সন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে নিউইয়র্ক সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটিই হবে তাঁর প্রথম অংশগ্রহণ ও ভাষণ। 
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অন্যদিকে, তাঁর সফরের প্রতিবাদে একাধিক কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
জাতিসংঘের প্রকাশিত সূচি অনুযায়ী, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আগামী ৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হবে। রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে ২২ সেপ্টেম্বর এবং চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত; শেষ দিনের অধিবেশন অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। 
সরকারি সফরের সম্ভাব্য সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর সোমবার নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। চার থেকে পাঁচ দিনের সফর শেষে ২৫ অথবা ২৬ সেপ্টেম্বর তাঁর নিউইয়র্ক ত্যাগ করার কথা রয়েছে। তবে চূড়ান্ত কর্মসূচিতে কিছু পরিবর্তন আসতে পারে। 
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর ভাষণে বিদেশে পাচার হওয়া বাংলাদেশের অর্থ ও সম্পদ পুনরুদ্ধারের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। পাচারকৃত সম্পদ শনাক্ত, জব্দ ও দেশে ফিরিয়ে আনতে বিশ্বনেতাদের সমর্থনের পাশাপাশি আরও কার্যকর আন্তর্জাতিক আইনি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার আহ্বান জানাতে পারেন তিনি।
তারেক রহমানের সরকার ইতিমধ্যে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনাকে দুর্নীতি ও আর্থিক অপরাধ মোকাবিলার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অধীন পৃথক ‘স্টোলেন অ্যাসেট রিকভারি ডিভিশন’ গঠন এবং বিভিন্ন দেশের সঙ্গে তথ্য বিনিময় ও আইনি সহযোগিতার উদ্যোগও নেওয়া হয়েছে। 
এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ২ জুন অনুষ্ঠিত গোপন ভোটে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকুরিসকে পরাজিত করেন। ড. খলিলুর রহমানের সভাপতিত্বেই ২০২৬-২৭ মেয়াদের সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালিত হবে। 
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে পারেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের কূটনৈতিক সংবর্ধনায় তাঁর অংশগ্রহণের সম্ভাবনাও রয়েছে। নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের একটি অনুষ্ঠানেও প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। 
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো, জাতিসংঘ সদর দপ্তরের বাইরে শান্তিপূর্ণ সমাবেশ এবং প্রবাসী নাগরিকদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা চলছে বলে জানা গেছে।
প্রায় ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর দেশে ফিরে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। ফলে সফরটি যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের কাছে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির প্রচার চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি প্রচারপত্রে ১৯ সেপ্টেম্বর থেকে কর্মসূচি শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।
প্রচারপত্র অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ, হোটেলে অবস্থানের সম্ভাব্য সময়জুড়ে প্রতিবাদ এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশের পরিকল্পনা রয়েছে। এতে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি এবং বিভিন্ন মামলা ও গ্রেপ্তার বন্ধের দাবিও জানানো হয়েছে। তবে প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনের তারিখ ২১ সেপ্টেম্বর বলা হলেও প্রচারপত্রে ১৯ সেপ্টেম্বর বিমানবন্দর কর্মসূচির উল্লেখ রয়েছে। সফরের চূড়ান্ত সরকারি সময়সূচি প্রকাশিত হলে রাজনৈতিক সংগঠনগুলোর কর্মসূচিতেও পরিবর্তন আসতে পারে।
জাতিসংঘে বাংলাদেশের সভাপতিত্ব, প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ এবং পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচির কারণে এবারের সেপ্টেম্বর মাস নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত ব্যস্ত ও রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে।
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]