​হাসির শক্তি : সম্পর্কের নীরব বিজয়

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৮:৫১ , অনলাইন ভার্সন
হাসি মানুষের সবচেয়ে সহজ, অথচ সবচেয়ে শক্তিশালী ভাষা। এটি জাত, ধর্ম কিংবা সংস্কৃতি মানে না। এতে থাকে মায়া, এক অদ্ভুত আকর্ষণ এবং মানবিক স্পর্শ। অনেক সময় অর্থ বা প্রভাব যেখানে ব্যর্থ হয়, একটি আন্তরিক হাসি ও সুন্দর ব্যবহারে সেখানে সহজেই সাফল্য ধরা দেয়। মানুষ পৃথিবীর নানা প্রান্তে ভ্রমণ করে, ভিন্ন ভাষা, সংস্কৃতি ও বিশ্বাসের মানুষের সঙ্গে পরিচিত হয়। তবু একটি বিষয় সর্বত্র অভিন্ন-একটি আন্তরিক হাসি, যা মানুষে মানুষে সংযোগের সবচেয়ে সর্বজনীন মাধ্যম।

শিক্ষাজীবনে-স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে সম্পর্ক গড়ে ওঠে নানা অনুভূতি ও রঙে-ঢঙে। ক্লাস টেস্ট, সেমিস্টার, বার্ষিক পরীক্ষা-সবই যেন হাসি-কান্নার মিশ্র অভিজ্ঞতা। কখনো সাফল্যের আনন্দে হাসি, কখনো ব্যর্থতার বেদনায় অশ্রুÑতবু এই আবেগগুলো মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে। গড়ে তোলে বন্ধন ও সহমর্মিতা। এই অভিজ্ঞতাগুলো শুধু শিক্ষা দেয় না, বরং মানুষের ব্যক্তিত্ব ও সম্পর্ক গঠনের ভিত্তি তৈরি করে।

পড়াশোনা শেষে শুরু হয় কর্মজীবন কিংবা সংসার জীবন। এখানেই হাসিমাখা মুখের প্রকৃত গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। সংসারে পারস্পরিক বোঝাপড়া, ধৈর্য ও সহমর্মিতাই একটি সুন্দর জীবনের ভিত্তি। একজন কথা বললে অন্যজন মনোযোগ দিয়ে শোনে, মতানৈক্যে ধৈর্য ধারণ করে, প্রয়োজনবোধে একটু বিরতি নেয়-এই ছোট ছোট আচরণই সম্পর্ককে করে তোলে দৃঢ় ও স্থায়ী। হাসিমুখে চললে ভালোবাসা হয় গভীর, সম্পর্ক হয় উজ্জ্বল আর জীবনে জাগে আশার আলো।

কর্মজীবনেও হাসির গুরুত্ব অপরিসীম। পদ-পদবি, দায়িত্ব কিংবা কাজের ধরন ভিন্ন হলেও একটি বিষয় সর্বত্র কার্যকর-ইতিবাচক ও হাসিমাখা আচরণ। বিশেষ করে, কাস্টমার সার্ভিসে একটি আন্তরিক হাসি শুধু সন্তুষ্টিই নয়, বরং অতিরিক্ত আনন্দের অনুভূতি সৃষ্টি করে। মানুষ স্বভাবতই হাসিমুখে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ পছন্দ করে। মার্কেটিংয়ের ভাষায় একে বলা হয় ‘ডিলাইট’, অর্থাৎ প্রত্যাশার চেয়েও বেশি ইতিবাচক অভিজ্ঞতা প্রদান। একটি আন্তরিক হাসি সেই অভিজ্ঞতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই অতিরিক্ত সন্তুষ্টি মূলত আন্তরিকতা, ইতিবাচক মনোভাব এবং সুন্দর ব্যবহারের মাধ্যমেই তৈরি হয়।

সবশেষে একটি সহজ কিন্তু গভীর সত্য, ‘যে কাজটি করতেই হবে, তা হাসিমুখে করাই শ্রেয়।’ এতে কাজ যেমন সহজ হয়ে ওঠে, তেমনি আশপাশের মানুষও হয় প্রফুল্ল। নিজের মনেও জন্ম নেয় একধরনের প্রশান্তি। তাই বলা যায়, হাসি শুধু মুখের অভিব্যক্তি নয়; এটি হৃদয়ের উদারতা, ইতিবাচক মনোভাব এবং মানবিক সম্পর্কের নীরব শক্তি। একটি ছোট্ট হাসি হয়তো কোনো সমস্যা মুহূর্তেই দূর করতে পারে না, কিন্তু মানুষের হৃদয়ে আশা, আস্থা ও ভালোবাসার আলো জ্বালিয়ে দিতে পারে। আর হাসিমুখে চলার অভ্যাসই হতে পারে জীবনের অন্যতম বড় প্রাপ্তিÑএকটি ছোট অভ্যাস, অথচ যার প্রভাব 
অসীম ও দীর্ঘস্থায়ী।
লেখক : কবি ও সাবেক ব্যাংকার।
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]