​হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঘোষণা দিলেন ট্রাম্প

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ২১:২২ , অনলাইন ভার্সন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তির পর তেলবাহী ট্যাংকারগুলো হরমুজ প্রণালি থেকে বের হতে শুরু করেছে। এসব বাণিজ্যিক জাহাজগুলো ওমানের কাছাকাছি একটি রুট দিয়ে যাচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপির।

১৫ জুন (সোমবার) নিজের ট্রুথ সোশ্যাল সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘জাহাজগুলো চলতে শুরু করেছে, যার মধ্যে অনেকগুলোই তেলে ভরপুর এবং এগুলো হরমুজ প্রণালি থেকে বের হয়ে আসছে। তারা দক্ষিণের হাইওয়ে ধরে যাচ্ছে, যা সম্পূর্ণ নিরাপদ, সুরক্ষিত এবং ঝুঁকিহীন। যাতায়াতের জন্য অন্যান্য এলাকাও রয়েছে!!!’

এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে, আগামী ১৯ জুন (শুক্রবার) সুইজারল্যান্ডে শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হতে যাচ্ছে। সৌদি আরবসহ আঞ্চলিক পরাশক্তিগুলো এই চুক্তিকে স্বাগত জানিয়েছে এবং সাধারণ ইরানিরা আশা প্রকাশ করেছেন যে, এর মাধ্যমে শান্তি ফিরে আসতে পারে।

চুক্তির খুব কম বিবরণই জনসমক্ষে আনা হয়েছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধের শুরু থেকে ইরান যে বিশ্ব তেলের সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি অবরোধ করে রেখেছিল, তা খুলে দেওয়া হবে।

গতকাল রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তিটি এখন সম্পন্ন হয়েছে। বিশ্বের জাহাজগুলো, আপনাদের ইঞ্জিন চালু করুন। তেল সরবরাহ হতে দিন!’

এর পরপরই ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, এই চুক্তি যুদ্ধের অবসান ঘটিয়েছে এবং একটি ‘চূড়ান্ত চুক্তি’র লক্ষ্যে তারা দুই মাসের মধ্যে আলোচনায় বসবেন।


ইরানের সামরিক বাহিনী এই চুক্তিকে একটি বিজয় হিসেবে স্বাগত জানিয়েছে। তাদের দাবি, ২৮ ফেব্রুয়ারি ব্যাপক বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘হতাশ ও অপমানিত’ করেছে।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]