মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০১:৫৮ , অনলাইন ভার্সন
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় অস্ত্রধারী এক সন্দেহভাজনকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কাফরুল থানা যুবদলের কর্মী মো. ইউসুফ।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোলাগুলির ঘটনায় দুজন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ইউসুফ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গুলিবিদ্ধ পথচারীর নাম সালাম। তিনি ভ্যানে করে সবজি বিক্রি করেন। তার বাড়ি পিরোজপুরে। এক সপ্তাহ আগে তিনি বাড়ি থেকে ঢাকায় এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে ইউসুফসহ ৭-৮ জন স্থানীয় ব্যক্তি ওই এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী সেখানে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ইউসুফ দুটি গুলিবিদ্ধ হন। গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা একজন সন্দেহভাজনকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার রহস্য উদঘাটনে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কাফরুল থানা-পুলিশ যৌথভাবে কাজ করছে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]