পদত্যাগের পরও আজীবন যেসব রাষ্ট্রীয় সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ২২:০৮ , অনলাইন ভার্সন
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে দায়িত্ব ছাড়লেও দেশের প্রচলিত আইন অনুযায়ী তিনি আজীবন বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করার অধিকারী থাকবেন।

দি প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫ (মে ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী, যেসব রাষ্ট্রপতি পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন করেছেন অথবা অন্তত ছয় মাস দায়িত্বে ছিলেন, তারা অবসরের পর আজীবন মাসিক অবসর ভাতা পাওয়ার যোগ্য। এ ভাতার পরিমাণ হবে দায়িত্বে থাকাকালে সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ৭৫ শতাংশ।

একই আইনে সাবেক রাষ্ট্রপতির জন্য একজন ব্যক্তিগত সহকারী এবং একজন অ্যাটেনডেন্ট রাখার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি দাপ্তরিক ব্যয় নির্বাহের জন্য সরকার নির্ধারিত বার্ষিক ভাতাও প্রদান করা হয়।

সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে তিনি বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুযোগ পাবেন। এ ছাড়া তার আবাসস্থলে একটি টেলিফোন সংযোগ থাকবে এবং সরকার নির্ধারিত সীমা পর্যন্ত এর বিল সরকার বহন করবে।

চিকিৎসা সুবিধার ক্ষেত্রে তিনি একজন মন্ত্রীর সমমানের সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে তাকে একটি কূটনৈতিক পাসপোর্টও দেওয়া হবে।

এ ছাড়া দেশের অভ্যন্তরে সরকারি সফরের সময় সার্কিট হাউস ও রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থান করার সুবিধাও পাবেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]