হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম বললেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ২৩:২৩ , অনলাইন ভার্সন
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ও মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা নির্বাচিত হন। আগামী সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে তিনি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

বিবিসি জানিয়েছে, দলীয় এমপিদের কাছ থেকে ৩৭৯টি মনোনয়ন পেয়ে বার্নহাম কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতৃত্বের আসনে বসেছেন। দলীয় নির্বাহী কমিটির চেয়ার ও সম্ভাব্য অর্থমন্ত্রী শাবানা মাহমুদ সম্মেলনে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নেতা নির্বাচিত হওয়ার পর আবেগঘন ভাষণে বার্নহাম জানান, অতীতে তিনি সব সিদ্ধান্ত নিখুঁতভাবে নিতে পারেননি। কোথাও কোথাও ব্যর্থ হয়েছেন, সে জন্য তিনি দুঃখিতও। তবে তিনি সব সময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি আরও জানান, পথ চলতে চলতে তিনি মানুষের কথা শুনেছেন, শিখেছেন এবং সেই অভিজ্ঞতা তাকে আরও পরিণত করেছে।

ভাষণের শেষ দিকে বার্নহাম দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমি জানি আমি কী বিশ্বাস করি এবং কী করতে চাই। আমার একটি পরিকল্পনা আছে।’ নতুন নেতা হিসেবে তিনি মানুষের জীবনে আবারও আশা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমি আপনাদের প্রত্যেকের ওপর বিশ্বাস করি এবং আমরা একসঙ্গে তা করতে পারব বলে আমি আত্মবিশ্বাসী।’ তার বক্তব্য শেষ হলে উপস্থিত নেতা-কর্মীরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান।

বার্নহাম বলেন, যুক্তরাজ্য এখন ‘নতুন ধরনের রাজনীতি’ চাইছে। তার মতে, এটি লেবার পার্টির জন্য পরিবর্তনের শেষ সুযোগ আর সেই পরিবর্তন আনতে হলে দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সতর্ক করে বলেন, অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়লে ডানপন্থার উত্থান ঠেকানো সম্ভব হবে না।

কিয়ার স্টারমারের নেতৃত্বে লেবারের ঘুরে দাঁড়ানোর প্রশংসা করে বার্নহাম বলেন, ইতিহাসের অন্যতম বড় পরাজয় থেকে দলকে অন্যতম বড় জয়ে পৌঁছে দিয়েছেন স্টারমার। সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই তিনি নতুন অধ্যায় শুরু করতে চান।

এখনো বিস্তারিত নীতিমালা প্রকাশ না করলেও বার্নহাম জানিয়েছেন, তার অগ্রাধিকার হবে স্থানীয় সম্প্রদায়ের হাতে আরও ক্ষমতা তুলে দেওয়া, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং সামাজিক ও কাউন্সিল হাউজিং নির্মাণ বাড়ানো। তিনি বলেন, ওয়েস্টমিনস্টার ও হোয়াইট হলে কেন্দ্রীভূত ক্ষমতা মানুষের এলাকায় ফিরিয়ে দেওয়াই হবে তার অন্যতম লক্ষ্য।

আগামী সোমবার রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব পাবেন বার্নহাম। এরপর ডাউনিং স্ট্রিটে ভাষণ দিয়ে তিনি নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]