নিউইয়র্কে বিশিষ্ট সাংবাদিক মতিউর রহমান চৌধুরী

বাংলাদেশে সরকার বদলায়, ইতিহাসও বদলে যায়

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১০:৫৫ , অনলাইন ভার্সন
ফিফা বিশ্বকাপের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের জনপ্রিয় দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মতিউর রহমান চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাস ঠিক নেই। সরকার বদলায়, ইতিহাস বদলে যায়। এটা হতে পারে না। আগে ইতিহাস ঠিক করতে হলে আমাদেরও ঠিক হতে হবে। ইতিহাস কাউকেই ক্ষমা করবে না।’ তিনি বলেন, আমরা প্রাপ্তির কাছে নিজেদের আত্মসমর্পণ করছি। এই প্রাপ্তি আমাদের সর্বনাশের মূল।’ 
১৪ জুলাই মঙ্গলবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্ট মিলনায়তনে প্রবাসে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন মতিউর রহমান চৌধুরী। 
সভায় বাংলাদেশের বর্তমান গণমাধ্যম পরিস্থিতি, প্রবাসে বাংলা সাংবাদিকতার সম্ভাবনা ও চ্যালেঞ্জ, ডিজিটাল যুগে সংবাদমাধ্যমের পরিবর্তন, সাংবাদিকতার পেশাগত মান এবং ফিফা বিশ্বকাপকে ঘিরে বৈশ্বিক গণমাধ্যমের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভয় মতিউর রহমান চৌধুরী বলেন, ‘একজন সাংবাদিকের আসল পরিচয় তিনি সাংবাদিক। কিন্তু সাংবাদিক পরিচয় গোপন রেখে অনেকে রাজনৈতিক দলের পরিচয় দিচ্ছেন। এটা কাম্য নয়।’ 
মতবিনিময় সভায় সাংবাদিককের জেলে রাখা প্রসঙ্গ উঠলে, এ প্রসঙ্গে মতিউর রহমান চৌধুরী বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় এর বিরুদ্ধে আমিই প্রথম কথা বলেছি। আমি বলেছি- বিচার করতে হয় বিচার করেন। কিন্তু মুশকিল হচ্ছে- আমরা নিজেরাই নিজেদেরকে ঠেলে দিয়েছি এই অবস্থার দিকে।’ 
সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মানবজমিন প্রধান সম্পাদক বলেন, ‘আমাদের মধ্যে কোনো ঐক্য নেই। রাজনীতিবিদরা যেমন তিন-চার ভাগে বিভাজিত, আমরাও বিভাজিত-বিভক্ত। রাজনীতি আমাদের পেটের মধ্যে। আগে আমরা রাজনীতির পরিচয় দেই অমুক দলের লোক বলে। এই পরিস্থিতি পাল্টাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়া বিকল্প কোনো পথ নেই। কারো পেশা যদি হয় সাংবাদিকতা, তাহলে রাজনীতি বাদ দিতে হবে।’ 
তিনি প্রশ্ন রাখেন, ‘আজকে আমরা কোথায় যাচ্ছি, দেশটা কোথায় যাচ্ছে?  আমরা কোথায় নিয়ে যাচ্ছি? আমরা কী কিছু রেখে যাচ্ছি?’ 
মতিউর রহমান চৌধুরী বলেন, ‘আমরা নিজেদের যেভাবে তৈরি করি, আমরা শুধু পেছনে দেখি। অতীত নিয়ে টানাটানি করি। তিনি বলেন, যার যা প্রাপ্য, তা তাকে দিতে হবে। আজ না হোক, কাল না হোক, পরশু দিতে হবে। এটা না দিলে ইতিহাস বার বার ওলট-পালট হবে। 
তিনি বলেন, ‘৫৫ বছরের বাংলাদেশ। এই সময়ে পৃথিবীতে অন্তত ৩৭টি দেশ স্বাধীন হয়েছে। তারা পেছনে নেই। আমরা পেছনে যাচ্ছি। আমরা একে অপরকে পেছন থেকে টানছি যেন উপরে উঠতে না পারে।’
একজন সাংবাদিককে আগে সাংবাদিক এবং পরে রাজনীতির পরিচয় তুলে ধরার পরামর্শ দিয়ে মতিউর রহমান চৌধুরী বলেন, ‘আগামীতে বাংলাদেশের সামনে অনেক বড় ও নানাবিধ চ্যালেঞ্জ আছে। বর্তমান নতুন সরকার আসার পর নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। কারণ রাজনীতি ঠিক হয়নি এখনো। রাজনীতি এখনো অস্থির।’ তিনি বলেন, ‘আমাদের রাজনীতি আমরা ঠিক করি না। আমাদের রাজনীতি অন্যরা ঠিক করেন। আমরা নিয়ন্ত্রিত হই। এই নিয়ন্ত্রণ থেকে বের হতে না পারলে বাংলাদেশ সঠিক পথে যাবে না। আমরাও সঠিক বাংলাদেশ পাব না।’ 
বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপে নেই, নিজেরাও খেলছে না। তারপরও অন্য দেশকে সমর্থন করতে গিয়ে বিরোধে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।’ তিনি বলেন, ‘যেদিন নিজের খেলা খেলতে পারবো, সেদিন বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করতে পারবো।’ 
বহির্বিশ্বে সর্বাধিক জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ঠিকানা’র সঙ্গে নিজের সম্পৃক্ততা ও স্মৃতিচারণ করে মতিউর রহমান চৌধুরী বলেন, ‘একসময় বছরের পর বছর ঠিকানায় লিড নিউজ লিখেছি। তিনি প্রবাসের সাংবাদিকতা টিকিয়ে রাখতে প্রবাসের ইতিহাস লেখার পরামর্শ দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে জানেন না, ঠিকানার ইতিহাস কি?’
মতবিনিময় সভায় দৈনিক মানবজমিন ও বাংলাবাজার পত্রিকার সাবেক সাংবাদিকসহ নিউইয়র্কে কর্মরত বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও ডিজিটাল সংবাদমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মানবজমিন সম্পাদক মাহবুবা চৌধুরী, ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম. এম. শাহীন, আজকাল সম্পাদক ও বিশিষ্ট ব‍্যবাসায়ী শাহ নেওয়াজ, প্রবীণ সাংবাদিক মুহম্মদ ফজলুর রহমান, নারী নেত্রী অধ‍্যাপিকা হুসনে আরা, প্রবীণ সাংবাদিক মঈনুদ্দীন নাসের, আনোয়ার হোসাইন মঞ্জু, বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, সিনিয়র সাংবাদিক আকবর হায়দার কিরণ, ঠিকানার বার্তা সম্পাদক শহীদুল ইসলাম, এনটিভি উত্তর আমেরিকা ব‍্যুরো প্রধান ফরিদ আলম, সিনিয়র সাংবাদিক ও আলোকচিত্রী নিহার সিদ্দিকী, দৈনিক আজকের পত্রিকার সাবেক সম্পাদক শফিকুল ইসলাম লুতু, সিনিয়র সাংবাদিক দর্পণ কবীর, শওকত ওসমান রচি, মুজাহিদ আনসারী, ঠিকানার সিনিয়র সাংবাদিক নাশরাত আর্শিয়ানা চৌধুরী, সিনিয়র সাংবাদিক ও লেখিকা মনিজা রহমান, প্রথম আলোর নিউইয়র্ক প্রতিনিধি তোফাজ্জল লিটন, ঠিকানা টিভির সিনিয়র রিপোর্টার আপেল মাহমুদ, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম, এনওয়াই কাগজের সম্পাদক আফরোজা ইসলাম, মানবজমিনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি সিদ্দিকুর রহমান সুমন, মূলধারার রাজনীতিক মেরি জোবাইদা, নাসিমা আক্তার শাহানা, আজকালের ব‍্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, সিটি এডিটর অনিক রাজ,  সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদ, সায়েম আহমেদ, ব‍্যবস্থাপক আবু বকর সিদ্দিক প্রমুখ। 
মতবিনিময় সভা যৌথভাবে সঞ্চালনা করেন- আজকালের কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম এবং মানবজমিনের সাবেক মহাব‍্যবস্থাপক আশরাফুল হোসেন নওশাদ। 
অনুষ্ঠানটি নিউইয়র্কে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে বলে উপস্থিত সাংবাদিকরা মন্তব্য করেন।
মতবিনিময় সভায় মতিউর রহমান চৌধুরী ও মাহবুবা চৌধুরীকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 
উল্লেখ্য, মতিউর রহমান চৌধুরী দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দেশের রাজনৈতিক, কূটনৈতিক ও গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনাবলি নিয়ে সংবাদ ও বিশ্লেষণ করেছেন। বর্তমানে তিনি দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সহধর্মিনী মাহবুবা চৌধুরী মানবজমিনের সম্পাদক এবং বাংলাদেশের জনপ্রিয় সংবাদ উপস্থাপক। তিনি একজন বিশিষ্ট ছড়াকারও। 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]