​আজই ইরানের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে : ট্রাম্প

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৮:২৮ , অনলাইন ভার্সন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আজ ১৪ জুন (রবিবার) ইরানের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। চুক্তিটি সম্পন্ন হওয়ার পরপরই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ সবার যাতায়াতের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হবে। খবর আল জাজিরার।

মার্কিন প্রেসিডেন্ট রবিবারই চুক্তি সইয়ের বিষয়ে শতভাগ আশাবাদী হলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কিছুটা ভিন্ন ইঙ্গিত দিয়েছেন। তার মতে, চুক্তিটি রবিবারই স্বাক্ষরিত না-ও হতে পারে, তবে ‘আগামী দিনগুলোতে’ এটি চূড়ান্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

মধ্যপ্রাচ্যের প্রধান মধ্যস্থতাকারী দেশগুলো আশা প্রকাশ করেছে, এই চুক্তি ওই অঞ্চলে দীর্ঘমেয়াদি ‘স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা’ বয়ে আনবে।

কূটনৈতিক আলোচনার প্রধান অংশীদার পাকিস্তান জানিয়েছে, চুক্তিটি এখন ‘স্বাক্ষরের জন্য সম্পূর্ণ প্রস্তুত’ এবং ‘খুব শিগগিরই’ তা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই বড় ধরনের কূটনৈতিক অগ্রগতির আবহ তৈরি হলেও, মাঠপর্যায়ে সহিংসতা থামেনি। ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবানন জুড়ে তাদের তীব্র হামলা অব্যাহত রেখেছে, যেখানে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যের সময়সূচি প্রকাশ করেছে। আগামী ৪ জুলাই তেহরানে তার জানাজা শুরু হবে এবং ৯ জুলাই মাশহাদ শহরে তাকে দাফন করা হবে।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]