ভোট গণনায় এদিক-ওদিক হলে হাত থাকবে না : সারজিস

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ২৩:৫৩ , অনলাইন ভার্সন
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় এদিক-ওদিক হলে সেই হাত আর থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (১০ জুলাই) রাতে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

রাজশাহী মহানগর এনসিপি আয়োজিত এ সমাবেশে সারজিস আলম বলেন, ‘আমার আজকে পাওয়ার আছে, আজ পাওয়ার খাটিয়ে কাজ করে নিলাম। যেদিন পাওয়ার থাকবে না, সেদিন দুই পয়সার মূল্য দেবে না। তাহলে তো আমাদের সেই সিস্টেমটার পরিবর্তন করতে হবে। তাহলে তো আমাদের মানুষগুলোর পরিবর্তন করতে হবে।’

বিএনপি সরকারকে উদ্দেশ করে সারজিস আলম বলেন, ‘আপনারা যেভাবে প্রশাসনকে ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে, আওয়ামী লীগের সাথে আঁতাত করে নির্বাচন করেছিলেন; আগামী স্থানীয় নির্বাচনে নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসনে যদি কেউ যদি মনে করে...আমাদের একটা ভোট গণনায় এদিক-ওদিক হয়, তাহলে আমরা বলে দিচ্ছি—স্থানীয় নির্বাচনে যে হাত এটা করার চেষ্টা করবে, সেই হাত আর থাকবে না।’

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব সাঈফ মুস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় নারীশক্তির সভাপতি মনিরা শারমিন প্রমুখ।

এনসিপির রাজশাহী মহানগরের সভাপতি ও দলের সিটি মেয়রপ্রার্থী মোবাশ্বের আলী এতে সভাপতিত্ব করেন। এর আগে সন্ধ্যায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ বের করা হয়। নগরের আলুপট্টি মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]