​পর্তুগালের কোচ হচ্ছেন জেসুস

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১৬:৪৫ , অনলাইন ভার্সন
ফিফা বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন করে পথ চলতে শুরু করেছে পর্তুগাল। স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেন রবার্তো মার্টিনেজ। তাঁর জায়গায় পর্তুগালের দায়িত্ব নিতে চলেছেন হোর্হে জেসুস। চলতি সপ্তাহেই মার্টিনেজের উত্তরসূরির নাম ঘোষণা করতে চায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

নতুন কোচের নাম সরাসরি প্রকাশ না করলেও বুধবার এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েনসা সাংবাদিকদের বলেন, ‘যিনিই নতুন কোচ হয়ে আসবেন, তাঁকে পর্তুগিজ ফুটবল সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে এবং ফেডারেশন ও জাতীয় দলের জয়ের মানসিকতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। আমাদের সামনে বেশ কিছু বিকল্প আছে। আমি নিজেই বিষয়টি তদারকি করছি এবং আশা করি সপ্তাহের শেষ নাগাদ ইতিবাচক কিছু জানাতে পারব।’

জনপ্রিয় পর্তুগিজ দৈনিক আ বোলা ও ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, পর্তুগাল জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে অভিজ্ঞ পর্তুগিজ কোচ জর্জ জেসুস-কে নিয়োগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পর্তুগিজ ফেডারেশন। 

গত মে মাসে ক্রিস্তিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্সের ক্লাব আল নাসরকে সৌদি প্রো লিগের শিরোপা জেতানোর পর বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে আছেন জেসুস।

যদিও জেসুসের কোনো জাতীয় দলকে কোচিং করানোর পূর্ব অভিজ্ঞতা নেই। তবে ক্লাব ফুটবলে দেশ-বিদেশে তাঁর সাফল্য আকাশচুম্বী। ২০২৫ সালে কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার আগে জেসুসের নাম আলোচনায় ছিল।

জেসুসের অধিনে ৩টি লিগ শিরোপাসহ মোট ১০টি ট্রফি জয় করে বেনফিকা। ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ফ্ল্যামেঙ্গোকে মাত্র এক বছরে (জুন ২০১৯ থেকে জুলাই ২০২০) ৫টি বড় ট্রফি জিতিয়ে ক্লাবটির ইতিহাসের সবচেয়ে সফল কোচ বনে যান তিনি। ২০২৩-২৪ মৌসুমে আল হিলালকে এনে দিয়েছেন ঘরোয়া ট্রেবল।

বিশ্বকাপের হতাশা ভুলে এখন দ্রুত ঘুরে দাঁড়াতে মরিয়া পর্তুগাল। টুর্নামেন্ট শুরুর আগে ফেবারিটদের তালিকায় থাকলেও মাঠের পারফরম্যান্সে তার প্রতিফলন দেখাতে পারেনি রোনালদোর দল।

পেদ্রো প্রোয়েনসা পর্তুগালের নতুন লক্ষ্য নিয়ে বলেন, ‘একটি নতুন জয়ের যুগ শুরু হতে যাচ্ছে এবং আমরা সেটাই দেখতে চাই। এবারের বিশ্বকাপ আমাদের প্রত্যাশার ধারেকাছেও ছিল না। এখন যত দ্রুত সম্ভব আমাদের এর জবাব দিতে হবে। সামনেই নেশনস লিগ আছে, যেখানে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। এরপর রয়েছে ইউরো এবং ২০৩০ সালের বিশ্বকাপ, যা আমাদের ঘরের মাঠে হবে। আমাদের লক্ষ্য ও স্বপ্ন এখন অনেক বড়।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]