বেকারসের মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেলেন এনওয়াইসি হেলথ + হসপিটালসের ড্যানিয়েল ডিবারি

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ২৩:২৬ , অনলাইন ভার্সন
যুক্তরাষ্ট্রের বৃহত্তম সরকারি স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক এনওয়াইসি হেলথ + হসপিটালস–এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অব বিজনেস অপারেশনস, চিফ ফার্মেসি অফিসার ও চিফ প্রোকিউরমেন্ট অফিসার ড্যানিয়েল ডিবারি স্বাস্থ্যখাতের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন। স্বাস্থ্যসেবা বিষয়ক প্রভাবশালী প্রকাশনা বেকারস হসপিটাল রিভিউ–এর ২০২৬ সালের "১০১ হসপিটাল অ্যান্ড হেলথ সিস্টেম চিফ ফার্মেসি অফিসার্স টু নো" তালিকায় তিনি স্থান পেয়েছেন।

প্রতি বছর প্রকাশিত এই তালিকায় যুক্তরাষ্ট্রের সেইসব ফার্মেসি নেতাদের স্বীকৃতি দেওয়া হয়, যারা রোগীর নিরাপত্তা নিশ্চিত করা, ওষুধপ্রাপ্তি সহজ করা, স্বাস্থ্যসেবা ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি এবং আধুনিক ফার্মেসি ব্যবস্থাপনার উন্নয়নে অসামান্য অবদান রাখছেন।

ড্যানিয়েল ডিবারি বর্তমানে যুক্তরাষ্ট্রের একমাত্র স্বাস্থ্যখাতের নির্বাহী, যিনি একই সঙ্গে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অব বিজনেস অপারেশনস, চিফ ফার্মেসি অফিসার এবং চিফ প্রোকিউরমেন্ট অফিসারের দায়িত্ব পালন করছেন। তিনি সরাসরি এনওয়াইসি হেলথ + হসপিটালসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার অধীনে ব্যবসায়িক কার্যক্রম, ফার্মেসি সেবা এবং সরবরাহ ব্যবস্থাপনার সমন্বিত নেতৃত্ব দিচ্ছেন।

তার নেতৃত্বে কৌশলগত ক্রয়চুক্তি, দক্ষ সরবরাহ ব্যবস্থাপনা এবং পরিচালনাগত সংস্কারের মাধ্যমে এনওয়াইসি হেলথ + হসপিটালস শত শত মিলিয়ন ডলার সাশ্রয় করেছে। একই সঙ্গে স্বাস্থ্যব্যবস্থার বহির্বিভাগীয় ফার্মেসি কর্মসূচির মাধ্যমে শত শত মিলিয়ন ডলারের নতুন রাজস্ব অর্জিত হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি নিউইয়র্কবাসীর জন্য ওষুধ ও ফার্মেসি সেবার পরিধিও উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে।

ডিবারির নেতৃত্বে রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আধুনিক ক্লিনিক্যাল প্রযুক্তি বাস্তবায়নের কাজও এগিয়ে চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, তার উদ্যোগ অপারেশনাল দক্ষতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং উন্নত রোগীসেবার সমন্বয়ে একটি কার্যকর স্বাস্থ্যসেবা মডেল গড়ে তুলেছে, যা দেশের অন্যান্য স্বাস্থ্যব্যবস্থার জন্যও অনুসরণযোগ্য উদাহরণ।

এই স্বীকৃতি প্রসঙ্গে ড্যানিয়েল ডিবারি বলেন, দেশের অসংখ্য দক্ষ ফার্মেসি নেতার সঙ্গে একই তালিকায় স্থান পাওয়া তার জন্য অত্যন্ত সম্মানের। তিনি বলেন, এই অর্জন মূলত ফার্মেসি, প্রোকিউরমেন্ট, সাপ্লাই চেইন এবং বিজনেস অপারেশনস টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। তাদের নিরলস কাজের কারণেই রোগীরা নিরাপদ, সময়োপযোগী ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পাচ্ছেন। ভবিষ্যতেও ওষুধপ্রাপ্তি আরও সহজ করা, স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং নিউইয়র্কবাসীর জন্য সেবার মান উন্নয়নে উদ্ভাবনী উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এনওয়াইসি হেলথ + হসপিটালসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিচেল কাটজ বলেন, ড্যানিয়েল ডিবারির নেতৃত্বে প্রতিষ্ঠানের ফার্মেসি সেবা, সরবরাহ ব্যবস্থা এবং ব্যবসায়িক কার্যক্রমে আমূল পরিবর্তন এসেছে। ক্লিনিক্যাল উৎকর্ষ, পরিচালনাগত উদ্ভাবন এবং আর্থিক দক্ষতার সমন্বয়ে তিনি প্রতিষ্ঠানের জন্য উল্লেখযোগ্য ব্যয় সাশ্রয় ও নতুন রাজস্ব সৃষ্টি করেছেন। এর ফলে সাশ্রয় হওয়া অর্থ পুনরায় নিউইয়র্কবাসীর স্বাস্থ্যসেবায়, বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর চিকিৎসাসেবা উন্নয়নে বিনিয়োগ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, ড্যানিয়েল ডিবারির এই জাতীয় স্বীকৃতি তার দূরদর্শী নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং নিউইয়র্কবাসীর জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতি তার অটল অঙ্গীকারের যথার্থ স্বীকৃতি।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]