ভেন্টিলেশন খুলে নেওয়ার পরই মারা গেলেন রাবি ছাত্রী চেসি ত্রিপুরা
ঠিকানা অনলাইন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০০:২৬
•
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১টা ৭ মিনিটে ভেন্টিলেশন খুলে নেওয়ার পর তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।
চেসি ত্রিপুরা ওই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
এর আগে চেসি ত্রিপুরার মস্তিষ্কের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসকরা। তবে বাবা-মায়ের ইচ্ছায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এম এইচ এম খুরশীদ আলম জানিয়েছিলেন, চিকিৎসকরা রাতেই চেসির ভেন্টিলেশন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজশাহীর বাঘমারা থেকে ক্যাম্পাসে ফেরার পথে অটোরিকশার সঙ্গে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন চেসি ত্রিপুরা। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মস্তিষ্কের কার্যক্রম বন্ধ হয়ে যায়।