টাইগার শ্রফের গাড়িতে গুলি, রাজস্থানের কোটা থেকে গ্রেপ্তার ৩ অভিযুক্ত
ঠিকানা অনলাইন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১৯:১১
•
অনলাইন সংস্করণ
রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় এ গুলির ঘটনা ঘটে। ছবি: এনডিটিভি
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। রাজস্থানের কোটা রেলস্টেশনে পুনে-জয়পুর এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার তিনজনই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে ধারণা করছে তদন্তকারী সংস্থাগুলো।
১৯ অক্টোবর (সোমবার) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের অ্যান্টি-গ্যাংস্টার টাস্কফোর্স (এজিটিএফ) ও কোটা সিটি পুলিশের যৌথ দল মুম্বাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানান, অভিযুক্তরা প্রথমে গুজরাটের সুরাটের দিকে পালিয়ে যান। পরে পুনে-জয়পুর এক্সপ্রেসে ওঠার পর কোটা স্টেশনে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হরিয়ানার সোনিপতের ১৭ বছর বয়সী এক কিশোর এবং ১৮ বছর বয়সী রেহান রয়েছে। তৃতীয়জন বিহারের বেগুসরাইয়ের ২২ বছর বয়সী হৃতিক কুমার ওরফে রোশন। তিনি মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিম এলাকায় থাকতেন এবং র্যাপিডো চালক হিসেবে কাজ করতেন। পুলিশের ধারণা, এদের দুজন সরাসরি হামলায় অংশ নিয়েছিল এবং অন্যজন পালাতে সহায়তা করেছিল।
তদন্তকারী সংস্থাগুলোর সন্দেহ, হামলার আগে অভিযুক্তরা টাইগার শ্রফের চলাফেরার ওপর নজর রেখেছিল। অভিনেতা প্রতি রবিবার মুম্বাইয়ের জুহু এলাকার একটি ফুটবল মাঠে যেতেন। সেখান থেকে গাড়িতে ফেরার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানোর পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
গুলির ঘটনার পর হামলাকারীরা ভিলে পারলে ও আন্ধেরি হয়ে এসভি রোড ধরে পালিয়ে যায় বলে তদন্তে উঠে এসেছে। পরে আন্ধেরি পশ্চিম রেলস্টেশনের কাছে মোটরসাইকেল ফেলে তারা ট্রেনে ওঠে। এরপর মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে গুজরাটে প্রবেশ করেছিল বলে প্রাথমিক গোয়েন্দা তথ্যে জানা যায়।
১৮ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিনেতা অক্ষত থাকলেও তার গাড়িচালকসহ আরও একজন আহত হন। ঘটনার পর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে দায় স্বীকারের একটি পোস্ট ছড়িয়ে পড়ে। তবে পোস্টটির সত্যতা পুলিশ এখনো নিশ্চিত করেনি।
ঘটনার পর রবিবার রাতে মুম্বাইয়ের বান্দ্রায় টাইগার শ্রফের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি অভিনেতার পরিবারকে নিরাপত্তার আশ্বাস দেন।
শিন্ডে বলেন, মুম্বাইয়ে অপরাধী চক্রের তৎপরতা কোনোভাবেই বরদাশত করা হবে না। ১৯৯০ এর দশকে যেভাবে গ্যাংগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, আবারও সেভাবে অপরাধী চক্রের শিকড় উপড়ে ফেলার সময় এসেছে। হামলার বিষয়ে তিনি বলেন, ‘গুলি চালালে গুলির জবাব দেওয়া হবে।’ সূত্র: এনডিটিভি