গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
ঠিকানা অনলাইন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৭:০৫
•
অনলাইন সংস্করণ
ছবি : সংগৃহীত
ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে। এ বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। ১২ অক্টোবর (সোমবার) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। রায়ে আগামী তিন অর্থবছরের মধ্যে ওই অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের করা দুটি রিট খারিজ করে দেন হাইকোর্ট। ফলে প্রতিষ্ঠানটির কাছে এনবিআরের দাবি করা কর আদায়ের পথ খুলে যায়।
পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচটি করবর্ষের আয়কর দাবি নিয়ে ২০১৭ সালে পৃথক দুটি রিট আবেদন করেছিল গ্রামীণ কল্যাণ। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন। সম্প্রতি হাইকোর্টের নতুন বেঞ্চ ওই রুল খারিজ করে দেন।
রায় ঘোষণার পর গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর গণমাধ্যমকে বলেন, এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে তারা হাইকোর্টে আবেদন করেছিলেন।
আদালত তাদের আবেদনসংক্রান্ত রুল খারিজ করে দেওয়ায় এনবিআরের দাবিই বহাল রয়েছে।
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আদায়ের বিষয়ে হাইকোর্টের একটি রায় স্বতঃপ্রণোদিতভাবে প্রত্যাহার করা হয়েছিল। পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়। সেই বেঞ্চে শুনানি শেষে গ্রামীণ কল্যাণের রিট খারিজ হয় এবং কর আদায়ের পক্ষে সিদ্ধান্ত আসে।