শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ট্রাম্পের করছাড়ে ক্ষুদ্র ব্যবসায় নতুন আশাবাদ

ট্রাম্পের করছাড়ে ক্ষুদ্র ব্যবসায় নতুন আশাবাদ

বিজ্ঞাপন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, নতুন করছাড় ও ব্যবসাবান্ধব নীতির ফলে যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র ব্যবসাগুলোর মধ্যে বিনিয়োগ ও সম্প্রসারণের আগ্রহ বাড়ছে। করের বোঝা কমায় ব্যবসায়ীরা নতুন কর্মী নিয়োগ, মজুরি বৃদ্ধি, সরঞ্জাম কেনা, প্রযুক্তিতে বিনিয়োগ এবং ব্যবসা সম্প্রসারণে বাড়তি সুযোগ পাচ্ছেন বলে প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের বক্তব্য অনুযায়ী, 'ওয়ার্কিং ফ্যামিলিজ ট্যাক্স কাটস' আইনের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ কর-সুবিধা স্থায়ী করা হয়েছে। এর মধ্যে যোগ্য ব্যবসায়িক আয়ের ওপর ২০ শতাংশ ডিডাকশন বা ছাড়ও রয়েছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, প্রায় ১ কোটি ২০ লাখ ক্ষুদ্র ব্যবসার মালিক গড়ে প্রায় ৭ হাজার ডলারের কর-সুবিধা পাচ্ছেন বলে প্রশাসন দাবি করছে।
বিবৃতিতে বিভিন্ন অঙ্গরাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিজ্ঞতাও তুলে ধরা হয়েছে। আলাস্কার জুনোর আলাস্কান ব্রিউইং কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা জিওফ লারসন বলেন, কর-সুবিধা তাদের প্রতিষ্ঠানকে উৎপাদন ও উদ্ভাবনে আরও বিনিয়োগের আর্থিক সক্ষমতা দিয়েছে। জর্জিয়ার রোজওয়েলের ১৯২০ টেভার্নের মালিক জেনা অ্যারোনোভিটজের মতে, কর সাশ্রয় ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন করে সম্ভাবনা তৈরি করছে।
মিনেসোটার ডেট্রয়েট লেকসের অ্যাসফল্ট প্রিজারভেশন কোম্পানির মালিক অ্যাভেরে মাকুইস জানান, করছাড়ের সুবিধা কাজে লাগিয়ে তারা নতুন সরঞ্জাম কিনতে পেরেছেন। এতে কর্মীদের ধরে রাখা এবং নতুন কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে সহায়তা হয়েছে বলে তিনি দাবি করেন।
উত্তর ক্যারোলিনার হলি স্প্রিংস ও অ্যাঙ্গিয়ারের 'থ্যাঙ্কস এ লাট'-এর মালিক ভিকি হ্যারি বলেন, কর আইনের সুবিধা ব্যবহার করে তিনি নতুন একটি স্টোর নির্মাণ করছেন। ব্যবসায়িক সরঞ্জামের ব্যয় দ্রুত কর হিসাব থেকে বাদ দেওয়ার সুযোগও বিনিয়োগে উৎসাহ দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
পেনসিলভানিয়ার গেটিসবার্গের কেভিজির প্রধান নির্বাহী জন বয়ার বলেন, করছাড় এবং ব্যবসায়িক বিনিয়োগের ব্যয় দ্রুত হিসাব থেকে বাদ দেওয়ার সুবিধার কারণে তার প্রতিষ্ঠান ১০টি নতুন চাকরি যোগ করতে পেরেছে। দক্ষিণ ক্যারোলিনার গ্রিনভিলের আইপিএস প্যাকেজিং অ্যান্ড অটোমেশনের প্রধান নির্বাহী ডেরিক মারডকও নতুন কর্মী নিয়োগ, প্রযুক্তি ও সরঞ্জামে বিনিয়োগের কথা জানিয়েছেন।
ভার্জিনিয়ার হ্যারিসনবার্গের ওয়াকঅ্যাবাউট আউটফিটারের মালিক টিনা মিলার বলেন, করছাড় থেকে পাওয়া সঞ্চয়ের একটি অংশ তারা কর্মীদের বেতন বাড়াতে ব্যবহার করছেন। একইভাবে ওয়েস্ট ভার্জিনিয়ার কোল রিভার কফি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা মাইকেল আরভিনের দাবি, কর-সুবিধার কারণে কর্মীদের অবসরকালীন কর্মসূচি চালু, মজুরি বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করা সম্ভব হয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, কর সংস্কারের আওতায় ব্যবসায়িক সরঞ্জাম ও গবেষণা-উন্নয়ন ব্যয়ের তাৎক্ষণিক কর সুবিধা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য ২০ শতাংশ Qualified Business Income deduction-এর মতো ব্যবস্থা রাখা হয়েছে। প্রশাসনের অর্থনৈতিক বিশ্লেষণে এসব পদক্ষেপ ব্যবসায়িক বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সহায়ক হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz