ডুবে যায় ক্লান্ত রবি গোধূলি লগনে
আকাশের কপালেতে আঁধারের দাগ,
ব্যথার আগুন জ্বলে মন ও মননে
ফুরায়ে ফুরায়ে আসে জীবনের ভাগ।
পাহাড়ের চূড়া বেয়ে নামে যে কুয়াশা
পাখিরা ফেরে না আর আপনার নীড়ে,
নিভে আসে হৃদয়ের অন্তিম পিয়াসা
ক্লান্ত দিন বয়ে চলে দূর হতে দূরে।
ঝরে পড়ে শেষ পাতা বিবর্ণ শাখায়
ধূসর চাদরে ঢাকা নিখিল ভুবন,
স্মৃতির নিঝুম দ্বীপ ডাকছে মায়ায়
নিশিরাতে বয়ে চলে ব্যথার প্লাবন।
যে প্রেম আঁধারে ডুবে হয়ে যায় লীন,
সে ব্যথা হয় না শেষ, হয় না বিলীন।