প্রিজন ভ্যান থেকে পালিয়েছে মোহাম্মদপুরের ‘পিচ্চি রাজা’
ঠিকানা অনলাইন
প্রকাশ : ২০২৬-০৯-২৮ ০১:২৭:০০
•
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরত নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজা পালিয়ে গেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর গাজীপুরের নাওজোর হাইওয়ে থানার কাছাকাছি এ ঘটনা ঘটে।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জেল সুপার বলেন, ‘সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রাজাকে কোর্ট পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়। আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে প্রিজন ভ্যান থেকে সে পালিয়ে যায়।’
নজরুল জানান, ‘ফেরার পথে নাওজোর হাইওয়ে থানার কাছাকাছি কোনো এক স্থানে টয়লেটে যাওয়ার কথা বললে রাজাকে ভ্যান থেকে নামানো হয়। পরে সেখান থেকেই সে পালিয়ে যায় বলে পুলিশ সদস্যদের কাছ থেকে তারা জানতে পেরেছি।’
জেল সুপার নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় পুলিশের পক্ষ থেকেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কারাগার কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই।’
চলতি বছরের ১৯ মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধারের তথ্য জানিয়েছিল পুলিশ।