বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

পেনশন তহবিলের ৩০ কোটি ডলার আবাসনে

পেনশন তহবিলের ৩০ কোটি ডলার আবাসনে

বিজ্ঞাপন
নিউইয়র্ক সিটির আবাসন সংকট মোকাবিলা এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় কমাতে শহরের চারটি পাবলিক পেনশন তহবিল এএফএল-সিআইও হাউজিং ইনভেস্টমেন্ট ট্রাস্টে (এইচআইটি) ৩০ কোটি ডলার নতুন বিনিয়োগ করছে। নিউইয়র্ক সিটি কম্পট্রোলার মার্ক লেভিন ও চার পেনশন তহবিলের ট্রাস্টিরা ১৭ সেপ্টেম্বর এ বিনিয়োগের ঘোষণা দেন। কম্পট্রোলারের কার্যালয় জানিয়েছে, এটি এইচআইটির ইতিহাসে একক বৃহত্তম বরাদ্দ।
নতুন বিনিয়োগটি কম্পট্রোলার লেভিনের আগামী চার বছরে নিউইয়র্ক সিটির আবাসন নির্মাণ ও সংরক্ষণে মোট ৪ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগের অংশ। এ অর্থ দিয়ে শহরের বিভিন্ন এলাকায় নতুন আবাসন নির্মাণ, বিদ্যমান সাশ্রয়ী আবাসন সংরক্ষণ এবং অফিস ভবনকে আবাসিক ব্যবহারে রূপান্তরের মতো প্রকল্পে অর্থায়ন করা হবে। কম্পট্রোলার অফিসের তথ্য অনুযায়ী, নতুন ৩০ কোটি ডলারের বিনিয়োগের ফলে নিউইয়র্ক সিটির চারটি পাবলিক পেনশন তহবিল সম্মিলিতভাবে এইচআইটির সবচেয়ে বড় বিনিয়োগকারী হয়ে উঠবে। এর মাধ্যমে প্রায় ২৫ বছরের অংশীদারত্বও আরও শক্তিশালী হবে।
পাঁচ বছরে প্রায় ১০ হাজার ইউনিট
এই বিনিয়োগের আওতায় এইচআইটির নিউইয়র্ক সিটি প্রকল্পের বর্তমান পাইপলাইনে আগামী কয়েক বছরে প্রায় ১০ হাজার আবাসিক ইউনিট তৈরি বা সংরক্ষণের সম্ভাবনা রয়েছে। এসব প্রকল্পের সম্মিলিত উন্নয়ন ব্যয় প্রায় ৪.১ বিলিয়ন ডলার। কয়েকটি প্রকল্প চলতি বছরের শেষ দিকে শুরু হওয়ার কথা রয়েছে। এইচআইটি মূলত কর্মজীবী ও সাশ্রয়ী আবাসন নির্মাণ ও সংরক্ষণে অর্থায়ন করে। নিউইয়র্ক সিটির প্রকল্পগুলোতে ১০০ শতাংশ ইউনিয়ন শ্রমিকের মাধ্যমে নির্মাণকাজ পরিচালনার ওপরও জোর দেওয়া হয়। ফলে আবাসন তৈরির পাশাপাশি ইউনিয়নভুক্ত শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
কম্পট্রোলারের কার্যালয়ের হিসাবে, ২০০২ সাল থেকে নিউইয়র্ক সিটির পাবলিক পেনশন তহবিলগুলো সম্মিলিতভাবে এইচআইটিতে ৫৮৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এ অংশীদারত্বের মাধ্যমে শহরে ৪০ হাজারের বেশি আবাসিক ইউনিট তৈরি বা সংরক্ষণ করা হয়েছে। একই সময়ে পেনশন বিনিয়োগের এক, তিন ও পাঁচ বছরের রিটার্ন সংশ্লিষ্ট বেঞ্চমার্কের সঙ্গে তাল মিলিয়েছে অথবা তা ছাড়িয়ে গেছে বলে কম্পট্রোলার অফিস জানিয়েছে।
কম্পট্রোলার মার্ক লেভিন বলেন, এইচআইটির মতো কর্মসূচি বিনিয়োগকারীদের জন্য রিটার্ন, শ্রমিকদের জন্য কর্মসংস্থান এবং নিউইয়র্কবাসীর জন্য আবাসন—তিনটি সুযোগই তৈরি করে। নতুন বিনিয়োগ শহরের আবাসন সরবরাহ বাড়ানোর পাশাপাশি জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবিলায় সহায়তা করবে বলেও তিনি উল্লেখ করেন। লেভিনের হাউজিং ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের আওতায় পেনশন মূলধনকে ঝুঁকি-সমন্বিত ভালো রিটার্নের লক্ষ্যে বিনিয়োগের পাশাপাশি আবাসন সংকট মোকাবিলায় ব্যবহার করা হচ্ছে। উদ্যোগটির তিনটি প্রধান লক্ষ্য হলো নতুন মিশ্র-আয়ের ও সাশ্রয়ী আবাসন নির্মাণে অর্থায়ন, হারিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকা বিদ্যমান সাশ্রয়ী আবাসন সংরক্ষণ এবং অফিস ভবনকে আবাসিক ভবনে রূপান্তরের মাধ্যমে নতুন আবাসন তৈরি।
ম্যানহাটন বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান সিগেল বলেন, নতুন ৩০ কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে আগামী পাঁচ বছরে প্রায় ১০ হাজার বাড়ি তৈরি বা সংরক্ষণে সহায়তা করা যেতে পারে। এতে আবাসন সরবরাহ বাড়ার পাশাপাশি নির্মাণ ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত ইউনিয়ন শ্রমিকরাও উপকৃত হবেন।
এইচআইটির সিইও ও সিআইও চ্যাং সুহ বলেন, নতুন বিনিয়োগের ফলে নিউইয়র্ক সিটিতে আরও বেশি আবাসন প্রকল্পে অর্থায়ন করা সম্ভব হবে। একই সঙ্গে প্রতিযোগিতামূলক আর্থিক রিটার্ন এবং কমিউনিটির উন্নয়নে অবদান রাখার সুযোগ তৈরি হবে।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz