বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

যুদ্ধবিরতিসহ সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খোলার প্রস্তাব ইরানের

যুদ্ধবিরতিসহ সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খোলার প্রস্তাব ইরানের

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের সমাপ্তি টানতে এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে ওয়াশিংটনের কাছে নতুন প্রস্তাব জমা দিয়েছে ইরান।

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এবং দ্য গার্ডিয়ানকে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করা হলে আগামী সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। এই প্রস্তাবের অংশ হিসেবে মঙ্গলবার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও বৈঠক করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নতুন এই প্রস্তাবে লেবাননসহ সমগ্র মধ্যপ্রাচ্যে টানা ৭ দিনের জন্য সব ধরনের সামরিক সংঘাত বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। এর বিনিময়ে আন্তর্জাতিক ব্যাংকে আটকে থাকা ইরানের অন্তত ১২ বিলিয়ন ডলারের বাজেয়াপ্ত সম্পদ মুক্ত করা, ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে।

প্রস্তাবের শর্তগুলো বাস্তবায়িত হলে যুদ্ধবিরতির সপ্তম দিনে ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে। বর্তমানে ইরান এই প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে চীন এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে বলে জানান আরাঘচি। এ দিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেন মহেবি এক সাক্ষাৎকারে জানান, ইয়ামেন সংঘাতের অবসান ঘটানোও ইরানের অন্যতম প্রধান শর্ত।

উল্লেখ্য, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার অজুহাতে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলে আগাম অনুমতির কড়াকড়ি আরোপ করে। এরপর বিভিন্ন সময় বাণিজ্যিক জাহাজে হামলা ও মার্কিন সামরিক জবাবি হামলায় গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ হয়ে যায়। এর আগে গত জুন মাসে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও পরবর্তীতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে গোলাবর্ষণের ঘটনায় তা ভেস্তে যায়।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz