প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫
•
অনলাইন সংস্করণ
তুমি বাহিরে আসার জন্য ডাকলে
অথচ তোমার ডাকে সাড়া দিলাম।
তখন রাত ছিল বিদঘুটে অন্ধকার!
কে তুমি? তোমার কণ্ঠস্বরে পরিচয় পেলাম
যদিও তোমার বিরহে বিচ্ছিন্নতার কুহেলিকা
জ্যোৎস্নার বৃষ্টিকে অরণ্যে আড়াল করে দিয়েছে।
দুয়ারে কড়া নাড়লে হকচকিত হওয়ার কথা,
সেই সাথে দুর্ভাবনায় মনোজগতে সন্দেহের ভিড় :
অপ্রত্যাশিত কোনো বিপদ নয়তো,
সুখবরই তো হতে পারে,
নতুবা দুয়ারের অদৃশ্যপটে প্রেমিকার দুঃসাহসিক আগমন
বাধাহীন বাস্তবতার প্রত্যক্ষ চিত্র,
কত কিছুই না হতে পারে কল্পনার বাইরে!
কত স্মৃতি বিস্মৃতির আড়ালে নিঘোর ঘুমে নিমগ্ন!
কত ভালো কাজ, সহমর্মিতায় নিবেদিতপ্রাণ,
দুয়ার খুলে দিলাম বলে জাগরণীর বিলুপ্ত সুর
পুনরাবৃত্তির উত্থান ঘটাতে কড়া নাড়ার ধ্বনি
প্রতিধ্বনিত হয়ে আজ খুঁজতে এসেছে।
কে তুমি? কেই-বা আমি এই অন্ধকারে?
অপহৃত আলোর অন্ধকার দেখে দেখে
আবহমান সময় চলমান সংকটে প্রশ্ন রাখে।