প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:০০
•
অনলাইন সংস্করণ
বিশ্ব আজ থমথমে ধীর স্থির ধীমান
মানব মারণাস্ত্র করোনা প্রতিদিন খেয়ে নিচ্ছে
কয়েক হাজার তাজা প্রাণ
ঘরবন্দী আর ভালো লাগে না
তোমাকে ছাড়া নিঃস্ব খুব একা
কী নিষ্ঠুর নীরবতা!
কেউ ছুটছে প্রাণভয়ে
কেউবা মানবতার সহানুভূতির কোমল মায়ায়
দরিদ্রের ক্ষুধা মেটাতে।
আবার কেউ ছুটছে মানব মারণাস্ত্র
নীরব ঘাতক করোনা বিস্তারে বিশ্ব শাসক হতে
কী যে ভয়ংকর মানবতা—
কি ধনী! কিংবা গরিব!
পেশিশক্তি, প্রযুক্তি সবকিছু করোনার কাছে
প্রাণভিক্ষায় নত অবনত
আমার কাছে সবটা এখন অর্থহীন তুমি ছাড়া
বড় একা লাগে ঘরবন্দী পৃথিবীতে
একটু ছোঁয়া, একটু অনুভূতি
আর তোমার কোমল হাতের স্পর্শের জন্যে
চিকন চালের ভাত, দামি কাপড়
অথবা ব্র্যান্ডের গাড়ি—
কোনোটা আমার কাছে প্রিয় নয়
ভালোবাসার ঘরকে যখনই গোছাতে চেয়েছি
কিছু না কিছুকাল ছায়া আমাকে
প্রতিহত করেছে তোমার আমার মাঝে
আমি ভাঙব এ দেয়াল তোমার স্পর্শে
থাকব না বদ্ধ ঘরে
মানবতা জেগে উঠুক সব অপশক্তি ভেঙে
ভয়ে নত নয়, তোমার ভালোবাসার কাছে
নিপাত যাক আমার সব বাধা
সব অপশক্তি, পেশিশক্তি অবনত হোক
মানবতার পবিত্র পদতলে,
আর আমি—অবিরত ছুটে চলি
একটি বার বলি বারবার বলি
করোনাকে জয় করে
আমি তোমার কাছে যাব।