শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• সুরে, নৃত্যে, কথায় : অনুভবের সন্ধ্যা  বিপার মঞ্চে প্রজন্ম থেকে প্রজন্মে  সংস্কৃতির যাত্রা • মেসির বিদায়ি জার্সি রিভার প্লেটের জাদুঘরে • ৬২ প্রিসিঙ্কটের কমান্ডিং  অফিসার ডেপুটি  ইন্সপেক্টর সাইফুল • সিজেপিকে মোকাবিলায় নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩ শতাধিক ক্যামেরা • পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা জারি • মঞ্চ মাতালেন ইমরান, কণা ও ঝিলিক • নিউইয়র্কে হামের  সংক্রমণ বেড়েছে • ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন আর নেই • জে-১ ভিসা নিয়ে কড়াকড়ি, হার্ভার্ড-ইয়েলসহ ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত • জ্যামাইকায় বাংলাদেশ  সোসাইটির বাংলা স্কুলের  তৃতীয় শাখা চালু

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ক্যারি রেলস্টেশন

ক্যারি রেলস্টেশন

বিজ্ঞাপন
 আবু এন এম ওয়াহিদ
 

সকালের ক্যারি রেলস্টেশন-গ্লানির মুখে আকাশতলায়
সূর্য আজ বেশ লাজুক লাজুক,
গাছের অবুঝ সবুজ পাতায় আর ফুলে ফুলে ঢাকা-
পাখির নীড়ের মতো যেন এক ছবি-আঁকা দৃশ্য।
এসব পেছনে ফেলে, মেয়েটি চলে গেল দূরে-
কাজে, সংসার-জীবনের তাগিদে।
বসন্তের শিশিরভেজা বাতাসে মিশে গেল দিবসের যত বেদনা।
এ এক আজব জায়গা-
এখানে কেউ আসে বহুদূর থেকে, আবার কেউ চলে
যায় অনেক দূরের দেশে-
যেন এই স্টেশনটি ক্ষণিকের জন্য সবার ঠিকানা-
হাতছানি দেওয়া আলো-ছায়ার এক মোহমায়া।

সবাই এখানে যাত্রী, কেউ রাত কাটাতে চায় না এখানে,
ট্রেনের লোহার চাকার শব্দে ওলট-পালট হয়ে যায়
জীবনের গতি। কত যে স্টেশন দেখেছি ছেলেবেলায়-
ছোট্ট হাতে মায়ের আঙুল ধরা,
বাষ্পের কুয়াশায় ঢাকা লোকোমোটিভের বড় বড় দুটো চোখ,
বিকেলবেলার প্ল্যাটফর্মে পায়রা ওড়ার শব্দ,
পিতলের ঘণ্টা, চায়ের দোকানের গন্ধ,
হারিয়ে যাওয়ার আগে ফিরে আসার গল্প-
সব যেন মায়াবী সিনেমার ফ্রেম।

আজ মনে হয়, জীবনও এমনি একটা স্টেশন-
যেখানে জন্মের মুহূর্ত থেকে আমরা সবাই যাত্রী,
কেউ জানে না, কার টিকিটে লেখা কোনো ঠিকানা-
শুধু যাবার তারিখ থাকে, নেই ফেরার দিন-ক্ষণও।
বাবা, মা, বন্ধু, সন্তান-
সবাই এসে দাঁড়ায় কিছুক্ষণের জন্য,
আলো ছড়ায়, ছায়া ফেলে, চলে যায়-
যেমন শুধু হাওয়ায় মেঘ ভেসে যায় নিঃশব্দে,
যেমন রাখাল বালক নীরবে ঘরে ফেরে,
গায়ে গোধূলির ধূলি মেখে।

জন্মের মুহূর্ত থেকে আমরা স্টেশনেই আছি-
হঠাৎ একদিন দেখব, সিগন্যালের আলো নিভে যাবে চিরতরে,
প্ল্যাটফর্মের ঘড়ি থেমে যাবে এক মুহূর্তে, কিন্তু তার আগে-
আমাদের এই দাঁড়িয়ে থাকা, এই অপেক্ষা,
এক কাপ চায়ের উষ্ণতা, একটি শালের গায়ে যত্নে তোলা ভাঁজ,
আপন মেয়ের মুখের হাসি, বৃষ্টিভেজা বিকেলের গন্ধ-
তারাও কি একদিন ট্রেনের বগির মতো সরে যাবে?
নাকি তারাই আসল যাত্রী, আর আমরা কেবল
স্টেশন? জানি না। শুধু এইটুকু জানি, এই গাছপালা-ঘেরা
ছোট্ট স্টেশনটির মতো আমাদের জীবনও একদিন খালি
হয়ে যাবে। শেষ ট্রেন ছাড়বে, কোনো এক অচেনা স্টেশনে
নামতে হবে একা, হাতে থাকবে না আর কোনো লাগেজ,
পরিচয় জানতে চাইবে না কেউ, থাকবে কেবল চোখে
চোখ পড়া অসংখ্য মানুষের মুখ, থাকবে শুধু বুকের ভেতর
জমানো ক’টা শব্দ-বিস্ময়ভরা- ‘আমরা কেন এখানে?’

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz