ছাইচাপা যাপিত জীবন
নীরুর অদ্ভুত বাঁশির সুর আর পুড়ন্ত শহরের
ঝলসে যাওয়া মুখ,
যারা পানির দামে কিনে আনে আগুনের শিখা
সবুজের শপথ ভেঙে জ্বালিয়ে দেয়
অনাবাদি ফসলের মাঠ
তারা জেনেশুনে নিজ পথে পুঁতে রাখে
অভিশাপের আগ্রাসী মাইন ॥
মেঘের বিদ্যুৎ ঝলকানির মতো
আকাশে উঁকিঝুঁকি দেয় ভঙ্গুর চাঁদ-প্রহসন
জানালার গ্রিল ধরে থাকা অপেক্ষার ট্রেন,
পলাতক জ্যোৎস্নার খোঁজে নেমেছে নস্টালজিয়া ॥
ব্যবচ্ছেদ করা আনাড়ি সব পথঘাট
হেল’ এর উত্তাপ যখন কিনতেই হয় চড়া মূল্যে
তখন পুড়ে যাওয়া শহরের জ্বালামুখে রেখে দিই
আরো কিছু শব্দকাঠ;
চাতকপ্রাণ খুঁজে-
যারা জলের দামে কিনে আনে আগুনের শিখা ॥