এই সুন্দর পৃথিবী বড়ই মায়াময়। জন্মের পর থেকে প্রতিদিন মানুষের মায়ার পরিধি বাড়তে থাকে। মানুষের জীবন ক্ষণস্থায়ী, তবু প্রেম, ভালোবাসা, স্নেহ-মমতা ও মায়া জীবনের এক অপরিহার্য অনুষঙ্গ। কেউ প্রেমে বিভোর, কেউ ভালোবাসার কাঙাল, কেউ স্নেহ-মমতার আশ্রয় চায়। আবার কেউ অদৃশ্য মায়ার বন্ধনে এমনভাবে জড়িয়ে পড়ে, যা থেকে মুক্ত হওয়া সহজ নয়। প্রতিটি অনুভূতিরই নিজস্ব সময় ও আকর্ষণ আছে, কিন্তু মায়ার কোনো নির্দিষ্ট সীমা বা সময় নেই। সময়ের সীমানা পেরিয়েও মায়া নীরবে মানুষের হৃদয়ে বেঁচে থাকে। শেষ পর্যন্ত মানুষ মায়ার কাছেই আত্মসমর্পণ করে।
প্রেম মানুষকে আকৃষ্ট করে। কেউ তার প্রিয় মানুষকে খুঁজে পায়, আবার কেউ সময়ের স্রোতে তাকে হারিয়ে ফেলে। ভালোবাসা ও স্নেহ-মমতা মানুষের জীবনকে সুন্দর করে, কোমল ও বিকশিত করে। তবে অনেক সময় এসব সম্পর্কে প্রত্যাশা, প্রাপ্তি কিংবা স্বার্থের বিষয় জড়িয়ে যেতে পারে। কিন্তু মায়া অনেক সময় নিঃস্বার্থ এক অনুভূতি হিসেবে হৃদয়ের গভীরে স্থায়ী আসন করে নেয়।
মায়া এ জীবনের এক গভীর অনুভব। এই নিঃস্বার্থ বন্ধন হৃদয়ের গভীরে আজীবন থেকে যায়। দূরত্ব যতই বাড়ুক, সত্যিকারের মায়ার বাঁধন সহজে ছিন্ন হয় না। প্রেম বা ভালোবাসার সম্পর্কে কখনো বিচ্ছেদ ঘটতে পারে, সময়ের সঙ্গে অনুভূতি ফিকে হয়ে যেতে পারে, এমনকি সম্পর্ক তিক্ততায় রূপ নিতে পারে। কিন্তু গভীর মায়ার টান অনেক সময় সব বাধা পেরিয়ে হৃদয়ে অটুট থাকে।
আবার এটাও সত্য, কিছু মানুষ সাময়িক মোহ বা জৈবিক আকর্ষণকে ভালোবাসা ভেবে ভুল করে। মোহ কেটে গেলে সম্পর্ক থেকেও সরে যেতে চায়। তবে সব প্রেম এমন নয়। কিছু প্রেম ও ভালোবাসা নির্মল, আন্তরিক ও আজীবন স্থায়ী। তারা সুখে-দুঃখে আজীবন একসঙ্গে পথচলার প্রত্যয় রাখে।
স্নেহ-মমতা মানুষের অন্যতম শ্রেষ্ঠ মানবিক গুণ। ছোটদের প্রতি স্নেহ এবং বড়দের প্রতি সম্মান একটি সুস্থ সমাজের ভিত্তি। যে সমাজে এই মূল্যবোধগুলোর চর্চা হয়, সেখানে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য, ন্যায় ও নৈতিকতার বিকাশ ঘটে।
সব অনুভূতির ঊর্ধ্বে রয়েছে মায়া। যার প্রতি একবার সত্যিকারের মায়া জন্মায়, তাকে সহজে হৃদয় থেকে মুছে ফেলা যায় না। সম্পর্কের দূরত্ব বাড়লেও অদৃশ্য এক সুতো মানুষকে নীরবে বেঁধে রাখে। সেই বন্ধন চোখে দেখা যায় না, ছুঁয়ে অনুভবও করা যায় না, কিন্তু হৃদয়ের গভীরে তার অস্তিত্ব চিরজাগরূক থাকে। মনের মণিকোঠায় সেই অনুভূতি আজীবন অম্লান থাকে।
এই মায়া কখনো প্রেমে, কখনো বন্ধুত্বে, কখনো পরিবারে, আবার কখনো কোনো নামহীন সম্পর্কের অদৃশ্য বাঁধনে মানুষকে একসূত্রে গেঁথে রাখে।
হয়তো প্রেম ও ভালোবাসা মানুষকে কাছে আনে, কিন্তু মায়াই মানুষকে হৃদয়ে চিরদিন ধরে রাখে। আর যখন ভালোবাসা ও মায়া একসঙ্গে মিশে যায়, তখন সেই সম্পর্ক হয়ে ওঠে অটুট ও দৃঢ়। তখন পৃথিবীর সবকিছু আরও আনন্দময় ও উপভোগ্য মনে হয়, আর মানবজীবন হয়ে ওঠে সার্থক ও পরিপূর্ণ।
লেখক : কবি ও সাবেক ব্যাংকার